কাতারে শ্রমিক পাঠাবে না ফিলিপাইন

কাতার ভ্রমণে শ্রমিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিলিপাইন। সৌদি আরবসহ পাঁচটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কারণে গতকাল মঙ্গলবার নিজ দেশের শ্রমিকদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন।
আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া। পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ফিলিপাইনের প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করেন। এর মধ্যে কাতারেই আছে প্রায় ১ লাখ ৪০ হাজার শ্রমিক।
ফিলিপাইন সরকার বলছে, ‘ঝুঁকিপূর্ণ প্রভাব’ পড়তে পারে, তাই এ সিদ্ধান্ত। ফিলিপাইনের শ্রমমন্ত্রী সিলভেস্ত্রে বেল্লো গতকাল এক বিবৃতিতে বলেন, পরিস্থিতির বিচার-বিশ্লেষণ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। কাতারে অনেক গুজব ছড়িয়ে পড়েছে, সবকিছু ঠিকমতো চলছে না সেখানে।
ফিলিপাইনের লাখ লাখ নাগরিক বিদেশে গৃহকর্মী, জাহাজের নাবিক, নির্মাণশ্রমিক ও সেবিকা হিসেবে কাজ করেন। তাঁদের মধ্যে অনেকেই তেলসমৃদ্ধ আরব দেশগুলোর মধ্যে সৌদি আরব ও কাতারে যান। এর মধ্যে ফিলিপাইনের ১০ লাখ শ্রমিক রয়েছেন সৌদি আরবে।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত বছর প্রায় ২৭ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে দেশটিতে; যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ।
ফিলিপাইন সরকার জানিয়েছে, এ ক্ষেত্রে তাদের মূল উদ্বেগ হচ্ছে কাতার খাদ্যসংকটের ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ দেশটি ৯০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করে থাকে।
তবে কাতার সরকার গত সোমবার জানিয়েছে, এই অবরোধের মধ্যেও জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
কাতার বিদেশি শ্রমিকদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দেশটির জনগণের অর্ধেকেরও বেশিসংখ্যক ২৫ লাখ মানুষ কাজের জন্য অন্য দেশ থেকে কাতারে আসেন। বাংলাদেশ, ভারত ও নেপালের বিপুলসংখ্যক কর্মী কাতারে রয়েছেন। যাঁদের বেশির ভাগ নির্মাণশ্রমিক।