কাতারের বিরুদ্ধে 'নালিশের' তালিকা করছে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর লন্ডনে বলেছেন, কাতারকে নিয়ে বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগগুলো চিহ্নিত করা হচ্ছে। আরব উপসাগরীয় দেশগুলোর বৈঠকে এই তালিকা শিগগিরই উপস্থাপন করা হবে।

‘কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের’ প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানের জবাব দিতে কাতারের দৃষ্টি আকর্ষণ করে গত শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এগুলোকে দাবি বলব না, বরং নালিশ বলব। কাতারিদের তা বুঝতে হবে।’

কাতারের বিরুদ্ধে কী কী বিষয়ে নালিশ আছে, তা নিয়ে বিস্তারিত বলেননি জুবেইর। কট্টরপন্থায় মদদ দেওয়ার অভিযোগ তুলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। তাদের অভিযোগ, আরব দেশগুলোর আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গে হাত মিলিয়ে কাতার কট্টরপন্থায় মদদ দিচ্ছে। কাতারের সরকার বরাবরই এসব অভিযোগ নাকচ করে আসছে।

পশ্চিমা দেশগুলো কাতার সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আরব উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে ইউএইর পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনওয়ার গারগাশ বলেন, ‘আমরা কাতারকে বিশ্বাস করি না। দেশটিকে পথে আনতে পশ্চিমা পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োজন হবে।’