কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইয়েমেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারের রাজধানী দোহার কূটনৈতিক এলাকা। ফাইল ছবি: রয়টার্স
কাতারের রাজধানী দোহার কূটনৈতিক এলাকা। ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল ইয়েমেন। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগে আজ সোমবার কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই পাঁচটি দেশের মূল অভিযোগ, সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদাকে মদদ দিচ্ছে কাতার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এ সিদ্ধান্তকে ‘অযাচিত’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি কাতারের।

আজ সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কাতারের সঙ্গে ভূমি, সমুদ্রসীমা ও আকাশ সীমার সব যোগাযোগ ছিন্ন করা হয়েছে। বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়, কাতারের সমুদ্র ও আকাশ সীমার সব যোগাযোগ বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে বাহরাইনে বসবাসরত কাতারের নাগরিকদের ১৪ দিনের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়। সংযুক্ত আরব আমিরাত কাতারের কূটনীতিকদের দেশ ত্যাগে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। মিসর জানায়, সব বন্দরে কাতারের যানবাহন ও আকাশযান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্পর্ক ছিন্নকারী মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই কাতারের প্রতিবেশী দেশ। ফাইল ছবি: রয়টার্স
সম্পর্ক ছিন্নকারী মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই কাতারের প্রতিবেশী দেশ। ফাইল ছবি: রয়টার্স

হঠাৎ করে এমন সিদ্ধান্ত এলেও একেবারে অপ্রত্যাশিত ছিল না বিষয়টি। বেশ কয়েক বছর ধরেই কাতারকে নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যমে সৌদি আরবের সমালোচনা করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বিতর্কিত মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ আগে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা নিষিদ্ধ করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

এর আগে ২০১৪ সালে আরব দেশের রাজনৈতিক বিষয়ে কাতারের হস্তক্ষেপের কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার কাতার থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুন...