কাবা শরিফে লাখো মুসল্লির জুমার নামাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমার নামাজ শুরু হতে তখনো দুই ঘণ্টা বাকি। নারী-পুরুষ-শিশু সবাই অজু-গোসল সেরে নামাজ আদায় করতে মসজিদুল হারামের দিকে যাচ্ছেন। অসুস্থ বা দুর্বল ব্যক্তিরা হুইলচেয়ারে মসজিদের দিকে রওনা হয়েছেন। পবিত্র হজের ১০ দিন আগে মক্কায় সমবেত হওয়া বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান গতকাল শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন। নানা বর্ণ, গোত্রের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে।

পরিচিত কয়েকজন হজযাত্রী জানালেন, সকালে ফজরের নামাজ পড়ে কাবা শরিফের কাছাকাছি অপেক্ষা করছিলেন তাঁরা। তাঁদের অনেকে প্রথম কাতারে ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করতে পেরেছেন। নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই হাঁটা ছাড়া কোনো উপায় নেই। ফেরার পথে কথা হলো ফাতেমা হামিদ ও তাঁর স্বামী আবদুল হামিদের সঙ্গে। তাঁদের বাড়ি পাবনার সুজানগরে, থাকেন ঢাকায়। আবদুল হামিদ বললেন, ‘এত বড় জামাতে জুমার নামাজ আদায় করেছি। শুকরিয়া জানাই আল্লাহর কাছে।’

লাখ লাখ নামাজির অংশগ্রহণে এ নামাজ হয়ে ওঠে অনন্য। সুরা ফাতেহা পাঠের পর আমিন ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে এ প্রান্ত থেকে সে প্রান্তে। নামাজ শেষে জানাজার নামাজ হয়। একসঙ্গে কয়েকজনের জানাজার নামাজ হয়েছে। প্রিয়জন ছেড়ে অনেকে চলে গেলেন পরপারে। আবার অন্যদিকে পরম সৌভাগ্যবান যে পবিত্র কাবা শরিফে জুমার নামাজ শেষে লাখ লাখ নামাজি শরিক হলেন তাঁদের জানাজায়। কবর হবে পবিত্র মক্কার মাটিতে।

মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ চলছে। তাই বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ছড়ানো। কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেজমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ। মিসফালা এলাকার (কবুতরের মাঠ) অনেক বাড়িঘর ভেঙে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেই সব খালি স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।

মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করেছে। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, সেই ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলেছে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। খুতবায় মক্কা শরিফের মর্যাদা, কাবা শরিফ, হাজরে আসওয়াদ, জমজমের গুরুত্ব তুলে ধরা হয়।

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে আলী আহমেদ ও তাঁর স্ত্রী লিলি আকতার হজ পালন করতে এসেছেন। কাবা শরিফে জুমার নামাজ আদায়ের পর আলী আহমেদ বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় জামাতে লাখ লাখ মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করলাম। এত বড় জামাতে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’