কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।

দেশটির কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরের কাছে একটি সড়কে ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ ও জরুরি উদ্ধার বিভাগের সদস্যরা ঘটনাস্থালে গেছেন।

আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কাবুল বিমানবন্দরে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি না, এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাননি দেশটির কর্মকর্তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরের পূর্ব ফটকের কাছে ওই বিস্ফোরণ ঘটে। ন্যাটো ও আন্তর্জাতিক জোটের সেনারা ওই ফটক ব্যবহার করেন।

হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সম্প্রতি আফগান সরকার ও বিদেশি লক্ষ্যবস্তুর ওপর হামলা জোরদার করেছে তালেবান। হেলমান্দ প্রদেশে তালেবানের সঙ্গে সেনাদের লড়াই চলছে।