কাবুলে অতিথিশালায় হামলার চেষ্টায় ৪ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াইয়ে চার হামলাকারী নিহত হয়েছে। তালেবান সদস্যরা সেখানে একটি অতিথিশালায় হামলার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ হয়। খবর এএফপি ও বিবিসির।
কাবুলে বিদেশি নাগরিকদের কাজ ও বসবাসের এলাকা হিসেবে পরিচিত স্থানটিতে দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা হামলা হলো।
হামলাকারীরা রকেটচালিত গ্রেনেড লঞ্চার ও একে-৪৭ রাইফেল ব্যবহার করে বলে জানান স্বরাষ্ট্র উপমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাংগি। জঙ্গি সংগঠন তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। সমঝোতার জন্য সরকারের একের পর এক আহ্বান উপেক্ষা করে তারা আফগানিস্তানে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে।
কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান রাহিমি বলেন, হামলাকারীরা গ্রেনেড ফাটিয়ে একটি অতিথিশালায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে আফগান পুলিশ বিশেষ কৌশলে তাদের হত্যা করতে সমর্থ হয়।
প্রেসিডেন্ট আশরাফ গণি এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবারের ওই হামলার লক্ষ্য ছিল রাব্বানি গেস্টহাউস নামের একটি অতিথিশালা।