কাবুলে আত্মঘাতী গাড়িবোমায় নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে lছবি: এএফপি
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে lছবি: এএফপি

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল সোমবার তালেবান আত্মঘাতীর গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। হামলার লক্ষ্য ছিলেন সরকারি কর্তাব্যক্তিরা। এ তথ্য দেশটির সরকারি কর্মকর্তাদের।

চলতি বছরে আফগানিস্তানে একের পর এক হামলার ঘটনায় ১ হাজার ৭০০-এর বেশি বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। আর কয়েক সপ্তাহের মধ্যে গতকালের হামলাটি ছিল কাবুলে ঘটা সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

কাবুলে পশ্চিমাংশে ঘটা হামলার স্থানটি সরকারের উপপ্রধান প্রধান নির্বাহী মোহাম্মদ মাহাকিকের বাড়ির কাছাকাছি। গাড়িবোমা হামলাটির পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। আলী আহমেদ নামের হামলাস্থলের এক বাসিন্দা বলেন, ‘আমি দোকানে ছিলাম, হঠাৎ ভয়াবহ এক শব্দ শুনি। এতে ভেঙে চুরমার হয়ে যায় আমার দোকানের পুরো জানালা।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাজিব দানিশ তাৎক্ষণিকভাবে ২৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, হতাহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। এদিকে সরকারের আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, হামলায় ৩৫ জন নিহত হয়েছেন।

 হামলার পর দায় স্বীকার করে টুইটারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ৩৭ জন ‘গোয়েন্দা কর্মকর্তার’ মৃত্যু হয়েছে।

 সরকারের নিরাপত্তা বাহিনীগুলো জানিয়েছে, খনিবিষয়ক মন্ত্রণালয়ের ছোট একটি বাস বিস্ফোরণে ধ্বংস হয়েছে। কিন্তু আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলায় তাদের কোনো কর্মকর্তাই হতাহত হননি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তিনটি বেসামরিক যানবাহন ও ১৫টি দোকান ওই হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এ বছরের প্রথম অর্ধাংশে হামলার ঘটনায় ১ হাজার ৬৬২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত মে মাসের শেষে ট্রাকবোমা হামলায় কমপক্ষে দেড় শ জনের মৃত্যুসহ রাজধানী কাবুলেই অন্তত ২০ শতাংশ প্রাণহানি ঘটেছে।