কাবুলে কূটনৈতিকপাড়ায় আত্মঘাতী হামলা, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আজ বুধবার রাতে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়। 

স্থানীয় টোলো নিউজের বরাত বিবিসি জানায়, কাবুলের পশ্চিমাঞ্চলে কূটনৈতিক পাড়ায় একটি বেসামরিক যাত্রীবাহী বাসে ওই হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে এসে আত্মঘাতী একজন হামলাকারী ওই হামলা চালান। এতে চারজন নিহত ও ২০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই হামলায় দুজন বাসের ভেতরই দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি বার্তা সংস্থা এপিকে বলেছেন, এটি ছিল গাড়ি বোমা হামলা।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানায়, কাবুলে রাশিয়ার দূতাবাসের কাছেই আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটেছে। দূতাবাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়নি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলায় জড়িত থাকার দায় স্বীকার করেনি। তবে তালেবান এই হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে, কারণ আগেও সংগঠনটি এ ধরনের অনেক হামলা চালিয়েছিল।
২০১৬ সালে এ পর্যন্ত কাবুলে অন্তত ছয়বার বোমা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রোববার ইতালির দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়। ওই হামলার ফলে দুজন নিরাপত্তারক্ষী আহত হন। এ ছাড়া ভারত ও পাকিস্তান হাইকমিশনে হামলা হয়েছে।