কাবুলে চিকিৎসক সেজে হাসপাতালে জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে জঙ্গি হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, কাবুলের সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালে গতকাল বুধবার সকালে চিকিৎসকের বেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা এ হামলা চালায়। এ ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
হামলার শিকার হাসপাতালটির অবস্থান মার্কিন দূতাবাসের কাছে। কমান্ডোরা হাসপাতাল ভবনের ছাদে নামার পর কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর চার বন্দুকধারীর সবাইকে হত্যা করে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। নিজেদের প্রচারণামূলক সংবাদমাধ্যম আমাক-এ তারা এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে। প্রথমে এ হামলার জন্য তালেবানদের দায়ী বলে মনে করা হচ্ছিল। তবে সংগঠনটির এক মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করেন।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী হাসপাতালের পেছনে বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। খুব দ্রুত তারা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময় শুরু করে।
হামলা থেকে বেঁচে যাওয়া আবদুল কাদির নামের একজন চিকিৎসক বলেন, ‘আমি একজন আত্মঘাতী হামলাকারীকে দেখেছি, যার পরনে চিকিৎসকের সাদা অ্যাপ্রোন ছিল। সে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে আমি সিঁড়ি লক্ষ্য করে ঝাঁপ দিই। তখন ওই হামলাকারী আমার এক সহকর্মীর দিকে গুলি চালাতে শুরু করে।’
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেন, ‘আমাদের বাহিনী সেখানে পৌঁছানোর পর ব্যাপক লড়াই চলে।’
হাসপাতালে হামলা চালিয়ে ‘মানবিক মূল্যবোধ পদদলিত’ করা হয়েছে মন্তব্য করে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, ‘সব ধর্মেই হাসপাতাল নিরাপদ জায়গা বলে পরিগণিত হয়। কাবুলের এ হাসপাতালে হামলা পুরো আফগানিস্তানের ওপর হামলারই শামিল।’