কাবুলে জঙ্গি হামলায় বিদেশিসহ নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে গত বুধবার রাতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ ঘটনায় ১৪ জনের প্রাণ গেছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিদেশী। খবর এএফপি ও বিবিসির।
নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পার্ক প্যালেস নামের ওই হোটেলে একজন নামী আফগান শিল্পীর কনসার্ট অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় হামলা চালায় ওই বন্দুকধারীরা। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সাত ঘণ্টার চেষ্টায় সেনারা হোটেলটির নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে সক্ষম হন।
নিহত বিদেশিদের মধ্যে চারজন ভারতীয়, একজন মার্কিন ও একজন ইতালীয় নাগরিক বলে জানা গেছে। নিহত অন্য ব্যক্তিদের মধ্যে হামলাকারী দুই বন্দুকধারী রয়েছে বলে মনে করা হচ্ছে।
একাধিক বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধসহ সাত ঘণ্টাব্যাপী এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর পূর্ণাঙ্গ সহায়তা ছাড়াই প্রথম একটা লড়াই মৌসুমের মুখোমুখি হতে যাচ্ছে আফগান বাহিনী।
কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান রাহিমি এর আগে জানিয়েছিলেন, হামলায় বিদেশি ও আফগানসহ পাঁচজন নিহত এবং অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। কিন্তু বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের নিহত হওয়ার যেসব খবর নিশ্চিত করেছে, তা নিয়ে সংখ্যাটা বেড়ে গেছে।
কাবুলে মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা কামিংস বলেন, ‘এই মুহূর্তে আমাদের চিন্তাভাবনা হতাহত ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে। নিহত ব্যক্তিদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এর চেয়ে বেশি তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।’
হামলার দায় স্বীকার করে এক বিবৃতি দিয়েছে তালেবান। এতে বলা হয়, পার্ক প্যালেসের হোটেলটিতে কনসার্টে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মার্কিনরা অংশ নিচ্ছিল, তাদের লক্ষ্যবস্তু করতে অত্যন্ত সতর্কভাবে এই হামলার পরিকল্পনা করা হয়।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের হামলার পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করে। তবে এর পর থেকে কাবুলে দায়িত্ব নেওয়া মার্কিন-সমর্থিত সরকারগুলো উৎখাতে ১৩ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। পাশ্চাত্য সেনাদের চলে যাওয়ার প্রস্তুতির প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। ন্যাটো বাহিনী গত ডিসেম্বর মাসে তাদের আফগান মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে। এর পরও কিছু বিদেশি সেনা দেশটিতে রয়ে গেছেন, যাঁদের মূল দায়িত্ব হচ্ছে স্থানীয় বাহিনীগুলোকে প্রশিক্ষণ ও সহায়তা করা। সে হিসেবে আফগান বাহিনীর কাঁধেই এখন দেশের নিরাপত্তার মূল ভার।