কাবুলে জঙ্গি হামলার ঘটনায় নিহত বেড়ে ৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে বুধবারের জঙ্গি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৯-এ উঠেছে। গতকাল বৃহস্পতিবার একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে।
হামলার শিকার সরদার মোহাম্মদ খান সামরিক হাসপাতালের পরিচালক সেলিম রাসুলি বলেন, জঙ্গি হামলার ঘটনায় মোট ৪৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬৩ জন।
মোহাম্মদ নবী নামের আহত এক চিকিৎসক বলেন, ‘হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল দেখতে পেয়ে আমরা স্তম্ভিত হয়ে যাই। তারা শয্যায় থাকা রোগীদের ও আমাদের চিকিৎসকদের হত্যা করেছে।’ হামলায় চিকিৎসক মোহাম্মদ নবীর এক পা ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার পর বাকি জঙ্গিরা চিকিৎসকের পোশাক পরে অত্যাধুনিক অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলা চালায়। তারা চিকিৎসক, রোগী ও দর্শনার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টা গোলাগুলির পর চার জঙ্গিকে হত্যা করেন।