কাবুলে জার্মান নারীকে হত্যা করেছে বন্দুকধারীরা
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি গেস্ট হাউসে হামলা চালিয়ে এক জার্মান নারীকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তারা আফগান এক প্রহরীকে গলা কেটে হত্যা করে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্বৃত্তরা গত শনিবার রাতে ওই হামলা চালায়। গেস্ট হাউসটি পরিচালনা করে সুইডেনের বেসরকারি সংস্থা (এনজিও) ‘অপারেশন মারসি’। ঘটনার পর থেকে ফিনল্যান্ডের এক নারীও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে—তিনি অপহৃত হয়েছেন।
গেস্ট হাউসে হামলার ঘটনা নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ঘটনার সময় সেখানে অবস্থানকারী লোকজনের সবাই এনজিওটির কর্মী ছিলেন। এ ঘটনায় সুইডেনের ওরেব্রো-ভিত্তিক ত্রাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত সংস্থাটির পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অব্যাহত সহিংসতার মধ্যে বিদেশি নারী হত্যার এ ঘটনা ঘটল। ২০০১ সাল থেকে বিদেশি অপহরণের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০০-তে।
এদিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে শনিবার কয়েকটি তল্লাশিচৌকিতে হামলায় তালেবান জঙ্গিরা পুলিশের ২০ জন সদস্যকে হত্যা করেছে। প্রদেশের এক মুখপাত্র জানান, এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।