কাবুলে টিভি স্টেশনে হামলা, কয়েকজন হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার ঘটনার পরপরই বেসরকারি এই টেলিভিশন চ্যানেল এলাকায় পুলিশের সতর্ক অবস্থান। ছবি: রয়টার্স
হামলার ঘটনার পরপরই বেসরকারি এই টেলিভিশন চ্যানেল এলাকায় পুলিশের সতর্ক অবস্থান। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশন স্টেশনে ঢুকে কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। বিবিসি জানায়, এতে কয়েকজন হতাহত হয়েছে বলে তাদের কাছে খবর আছে।

টেলিভিশন চ্যানেলটি হলো পশতু ভাষার শামসাদ টিভি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, টেলিভিশন স্টেশনটির সদর দপ্তরে ঢুকে হামলাকারীরা কয়েকটি গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি ছুড়তে শুরু করে।

ঘটনার সময় ভবন থেকে পালিয়ে আসা সাংবাদিক হাশমত ইসতানকজাই বিবিসিকে বলেন, ‘আমার কয়েকজন সহকর্মী নিহত ও আহত হয়েছেন।’

আরেক সাংবাদিক ফয়সাল জালান্দ ঘটনার সময় ভবনের পেছনের একটি দরজা দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি এএফপিকে বলেন, ‘নিরাপত্তা ক্যামেরায় আমি তিনজন হামলাকারীকে ঢুকতে দেখি। প্রথমে তারা নিরাপত্তারক্ষীকে গুলি করে, এরপর ভবনে প্রবেশ করে। তারা গ্রেনেড ও গুলি ছুড়তে শুরু করে।’

জালান্দ বলেন, ‘টেলিভিশন স্টেশন চত্বর নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। একই সঙ্গে হামলাকারীদের বের করে আনার চেষ্টা করছে। এখনো আমার অনেক সহকর্মী ভবনে আটকা পড়ে আছেন।’

স্টেশন থেকে পালিয়ে আসা এক সাংবাদিক বিবিসিকে বলেন, হামলাকারীরা এখনো ভবনের ভেতরে রয়েছে। সেখান থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।