কাবুলে থানার বাইরে আত্মঘাতী হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি থানার বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা বলেছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। খবর বিবিসির।
আফগান সরকারের উপস্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালাঙ্গি জানান, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত ন্যাশনাল সিভিল অর্ডার পুলিশের (এনসিওপি) কার্যালয়ের প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে। নয়জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে ২০ জন।
কর্মকর্তারা প্রথমে বলছিলেন, একজন আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী এ হামলা চালায়। তবে পরে তাঁরা বলেন, হামলাকারী ওই থানায় ঢুকতে এর সামনে থাকা লোকজনের সারিতে দাঁড়িয়ে পড়ে। একপর্যায়ে সে কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক লোক। তালেবান বলেছে, তারাই এ হামলা চালিয়েছে।
এনসিওপি আফগান পুলিশের একটি বিশেষ ইউনিট, যাদের তালেবানের বিরুদ্ধে চলমান জঙ্গিবিরোধী অভিযানে ভূমিকা রয়েছে। জানুয়ারি মাসে তালেবান একের পর এক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি হামলায় কাবুলে টোলো মিডিয়া গ্রুপের সাত কর্মী মারা যান। এ ছাড়া কয়েকটি হামলায় বিভিন্ন কূটনৈতিক মিশনকে লক্ষ্যবস্তু করা হয়।
কারও কারও মতে, তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা বানচাল করতেই তাদের একটা অংশ এসব হামলা চালাচ্ছে। তবে অন্যদের ধারণা, এসব হামলার পেছনে রয়েছেন তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মানসুর। কোনো শান্তি আলোচনা হলে তাতে নিজের কর্তৃত্ব বাড়ানোই এসব হামলার লক্ষ্য।