কাবুলে ন্যাটোর বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল রোববার ন্যাটোর একটি সামরিক বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে তালেবান। দেশটির উত্তরাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুনদুজ দখলে নেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তালেবান এই হামলা চালাল। খবর এএফপির।
এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিস্ফোরণের তীব্রতায় শহরের আকাশ ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। ন্যাটোর একটি সামরিক যান সড়কের পাশে ছিটকে পড়ে। বিধ্বস্ত সামরিক যানগুলোর ধাতব বস্তু টুকরো টুকরো হয়ে এলাকাটিতে ছড়িয়ে পড়ে। এই হামলায় কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে কাবুলের পুলিশ জানিয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘শহরের জয় শির এলাকায় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। বিদেশি বাহিনীর বহরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।’
ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ফাঁকা করে দেয়। দ্রুত ছুটে আসে অ্যাম্বুলেন্স। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই বোমা হামলায় খুব একটা হতাহতের ঘটনা ঘটেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানায়।’ কাবুলের পুলিশ ওই হামলায় তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।