কাবুলে বাড়িতে বাড়িতে লুটপাট

আফগানিস্তানের পুলিশের গাড়িতে তালেবান যোদ্ধারা। কাবুল, ১৬ আগস্টছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে লুটপাট শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আজ সোমবার সকালে কাবুলে অনেকের বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া সেখানে গোলাগুলিও চলছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

কাবুলের বাসিন্দা আয়শা খুররাম। তিনি শিক্ষার্থী। আজ সোমবার সকালে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, গুলি ও চিৎকার–চেঁচামেচির শব্দে ঘুম ভেঙেছে তাঁর। কিছু মানুষ বাড়ি বাড়ি যাচ্ছেন। এসব বাড়িতে থাকা গাড়ি ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। তবে তালেবান যখন এলাকায় যাচ্ছে, তখন তাঁরা পালাচ্ছেন। তিনি ওই টুইটে বলেন, বিশৃঙ্খলা সবে শুরু।

গতকাল রোববার কাবুলে যখন তালেবান প্রবেশ করে, তখন বিভিন্ন থানা ছেড়ে পালান পুলিশ সদস্যরা। এরপর থেকে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে তালেবানের নেতা সুহাইল শাহিন এক টুইট বার্তায় লিখেছেন, তালেবানের পক্ষ থেকে আবারও নির্দেশ দেওয়া হচ্ছে, অনুমতি ছাড়া কারও বাসায় প্রবেশ করা যাবে না। কারও জীবন, সম্পদ ও মর্যাদাহানি হতে দেওয়া যাবে না। তালেবানের এসব রক্ষা করতে হবে। এর আগে গতকাল তিনি এক টুইট বার্তায় লিখেছিলেন, কারও ব্যক্তিগত সম্পদের প্রতি তাঁদের কোনো আগ্রহ নেই।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাবুলে তালেবান যোদ্ধারা প্রবেশের পর থেকে মানুষ আতঙ্কে। কাবুল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। বিবিসির খবরে বলা হয়েছে, যাঁরা এলাকা ছাড়তে চাইছেন, তাঁদের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল ইতিমধ্যে আহ্বানও জানিয়েছে। এ জন্য ৬০টি দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। কাবুলের বিমানবন্দরে অনেককে ভিড় করতে দেখা গেছে গতকাল। আজ সকালেও এই ভিড় অব্যাহত ছিল। বিমানবন্দরে পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। তবে তাঁরা কীভাবে নিহত হলেন, তা জানা যায়নি।