আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি নামের একটি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল বুধবার রাতের এ হামলায় অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী তখনো হামলা চলছিল।
হামলার সময় ক্যাম্পাসে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকে পড়া আতঙ্কিত শিক্ষার্থীরা কক্ষের ভেতরে লুকিয়ে বাঁচার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।
পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়টিতে ওই হামলা শুরু হয়। এটি প্রতিহত করতে আফগান বিশেষ বাহিনীর সদস্যদের পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মার্ক ইংলিশ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘হামলা চলছে। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’
আহমাদ মুখতার নামের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের ১০০ মিটারের মতো দূরে ছিলেন। তখন ছয়-সাতটি গুলি ও এক বিরাট বিস্ফোরণের শব্দ শোনেন। বিস্ফোরণে এত আলো হয় যে তাতে ক্যাম্পাসের আশপাশও আলোকিত হয়ে ওঠে।
হামলাকারী বন্দুকধারীদের কয়েকজনের শরীরে আত্মঘাতী বিস্ফোরক বাঁধা রয়েছে বলে ধারণা প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী অভিযান চলার সময় বলেন, অনেক শিক্ষার্থীকে সরিয়ে আনা হয়েছে। কাউকে জিম্মি করার কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের সংখ্যাও স্পষ্ট নয়।