কাবুলে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন শিক্ষার্থী। পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড় ধরনের একটি বিস্ফোরণের মধ্য দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে হামলা শুরু হয়। প্রায় ১০ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হয়।
পুলিশ বলছে, হামলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থী ও কর্মচারীরা আটকে পড়েন। হামলাকারীরা নিহত হওয়ার পর অবরুদ্ধ-দশার অবসান ঘটে।
কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তালেবান জঙ্গিরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান রাহিমি বলেন, হামলায় মোট ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন শিক্ষার্থী, তিনজন পুলিশ ও তিনজন নিরাপত্তারক্ষী। হামলায় ৩৫ জন শিক্ষার্থী ও নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ৭৫০ জন শিক্ষার্থী ও কর্মীকে উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রথম বিস্ফোরণটিকে গাড়িবোমা বলছেন দেশটির কর্মকর্তারা। হামলা শুরুর পর রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হয়।

হামলার সময় বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকে পড়া শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে বিদেশিরাও ছিলেন। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে অনেক লুকিয়ে পড়েন। কেউ কেউ পালিয়ে বেরিয়ে যান।
ভোরে পুলিশ এক কর্মকর্তা বলেন, দুই হামলাকারী নিহত হয়েছে। হামলাকারীদের সঙ্গে লড়াই শেষ হয়েছে। এখন পরিচ্ছন্নতা অভিযান চলছে।