কাবুলে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য মুসল্লিরা একটি মসজিদে মিলিত হলে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা ফ্রিডন ওবাইদি বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী ব্যক্তি মুসল্লিদের বেশ ধরে মসজিদের ভেতরে ছিলেন এবং নিজেকে উড়িয়ে দেন। এতে ২৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।’ কাবুল থেকে পশ্চিমে অবস্থিত বাকিরুল উলুম নামের ওই মসজিদ পুলিশ ঘিরে রেখেছে।
একজন প্রত্যক্ষদর্শী আলী জান বার্তা সংস্থাকে জানান, ‘আমি মসজিদের ভেতরে ছিলাম। লোকজন নামাজ পড়ছিল। হঠাৎ আমি একটি বিস্ফোরণের এবং জানালা ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম। কী হয়েছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। চিৎকার করতে করতে আমি ছুটে বেরিয়ে এসেছি।’
‘আরবাইন’ নামের একটি ধর্মীয় উৎসব, যা আশুরার ৪০ দিন পর পালিত হয়, এটি পালন করতে মুসল্লিরা ওই মসজিদে সমবেত হয়েছিলেন।