কাবুলে মার্কিন ও অস্ট্রেলীয় অধ্যাপক অপহৃত
আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে বন্দুকের মুখে অপহরণ করা হয়েছে। বন্দুকধারী অপহরণকারীরা পুলিশের পোশাক পরে ওই দুজনকে অপহরণ করে।
দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের ওই দুই অধ্যাপককে গতকাল রোববার সন্ধ্যায় অপহরণকারীরা গাড়ির জানালা ভেঙে বন্দুকের মুখে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ এই অপহরণের দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী বলেছেন, ‘দুই বিদেশি অধ্যাপকের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। অপরজন অস্ট্রেলিয়ার। কাবুল শহরের কেন্দ্রস্থল দার-উল-আমান সড়কে বন্দুকের মুখে তাঁদের অপহরণ করা হয়। ঘটনা দেখে অনুমান করা যাচ্ছে, এটা কোনো অপরাধী চক্রের কাজ।’
অপর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘গাড়ির চালক ও গার্ড অক্ষত রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
কাবুলের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, পুলিশের পোশাক পরে চারজন বন্দুকধারী এ অপহরণের ঘটনা ঘটায়। সম্প্রতি দেশটির রাজধানীতে কিছু সংঘবদ্ধ অপরাধী চক্রের দাপট বেড়ে গেছে। তারা মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে থাকে। বিদেশি নাগরিক ও আফগান সম্পদশালী ব্যক্তিদেরই টার্গেট করেছে ওই চক্র। কখনো কখনো ওই চক্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতেও তুলে দেয় জিম্মিদের।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক অপহরণের শিকার হয়েছেন বলে তারা তথ্য পেয়েছে। তবে এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চায়নি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার সরকার তাদের একজন নাগরিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিরাপত্তার কথা তুলে এ বিষয়ে আর কোনো তথ্য দিতে চায়নি।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকার নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়ে আফগানিস্তান ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে।
আফগানিস্তানের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে অপহরণের এটাই প্রথম ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে আফগানিস্তানে প্রতিষ্ঠিত ব্যয়বহুল এই বিশ্ববিদ্যালয়টিতে পশ্চিমা দেশের নাগরিকেরা আকর্ষণীয় বেতন-ভাতায় যোগ দেন। বিশ্ববিদ্যালয়টিতে ১ হাজার ৭০০ শিক্ষার্থী রয়েছে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বিদেশি নাগরিক অপহরণের ঘটনা প্রায় ধারাবাহিকভাবেই ঘটছে। দুই অধ্যাপক অপহরণের তিন দিন আগে দেশটির হেরাত প্রদেশে একদল বিদেশি পর্যটকের ওপর তালেবান জঙ্গিরা হামলা চালায়।