কাবুলে মার্কিন বিপর্যয় বাইডেনের জন্য বিপদ

তালেবান যদি আগের রূপে ফিরে যায়, মানবাধিকার লঙ্ঘন ও নারী অধিকার খর্ব করে, তা হবে বাইডেনের জন্য কলঙ্ক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: এএফপি

বিপদে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু বিরোধী রিপাবলিকান পার্টি নয়, তাঁর নিজের দলের সদস্যরাও জানতে চাইছেন কীভাবে তালেবান বাহিনী এত দ্রুত কাবুল দখল করে নিল। এক সপ্তাহ আগেও তিনি আশ্বাস দিয়েছিলেন, অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছিলেন, রাজধানী রক্ষায় সরকারি বাহিনী পুরোপুরি প্রস্তুত। হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল, রাজধানীতে তালেবান বাহিনী এসে পৌঁছাতে কয়েক মাস লাগতে পারে। এ কথা বলার ৪৮ ঘণ্টার মধ্যে আশরাফ গনি সপরিবার দেশ ছেড়ে পালালেন। একটা গুলি খরচ না করেও তালেবান বাহিনী কাবুল দখল করে নিল।

গত সোমবার এক ভাষণে বাইডেন স্বীকার করেছেন, এত দ্রুত যে কাবুলের পতন হবে, তা কেউ ভেবে ওঠেনি। তবে অবস্থার সঠিক মূল্যায়নে তাঁর সরকারের ব্যর্থতা স্বীকার করার বদলে তিনি সব দায়ভার চাপালেন আফগান সরকার ও সে দেশের প্রতিরক্ষা বাহিনীর ওপর। তিনি বলেছেন, ‘যে যুদ্ধ করতে আফগান বাহিনীর সদস্যরা নিজেরাই আগ্রহী নন, তাতে অংশ নিয়ে মার্কিন সৈন্যদের মারা যাওয়ার কারণ থাকতে পারে না।’

বাইডেন মুখে বলেননি বটে, কিন্তু তাঁর এই স্বীকারোক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক পরাজয়, এতে কোনো সন্দেহ নেই। পরাশক্তি হিসেবে নিজেদের ব্যাপারে মার্কিনরা গভীরভাবে গর্বিত। এই ভূমিকা ঐশ্বরিক, এমন কথায় বিশ্বাস করে এমন লোকের অভাব নেই। ২০০১ সালে আফগানিস্তান আক্রমণের পর প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন, ঈশ্বরের নির্দেশেই তিনি এই লড়াইয়ে নেমেছেন। মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধে তালেবান সরকারের পতন ঘটিয়ে যুক্তরাষ্ট্র সেখানে নিজের পছন্দমতো সরকার প্রতিষ্ঠা করেছিল। যুদ্ধে জিতলেও দেশটিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, তালেবানকে নিশ্চিহ্ন করা যায়নি। দুই দশক ধরে এক ট্রিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র এখানে তিন লাখ সদস্যবিশিষ্ট আফগান সেনাবাহিনী গড়ে তুলেছে। সঙ্গে রয়েছে কয়েক হাজার মার্কিন সামরিক উপদেষ্টা। তাদের প্রতিপক্ষ তালেবান বাহিনী, যারা সংখ্যায় বড়জোর ৭৫ হাজার। তাদের না আছে আধুনিক ট্যাংক বহর, না আছে কোনো বিমানবাহিনী। সেই তালেবানের হাতে এমন বিপর্যয় হলো কীভাবে?

এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়েছে। বাইডেন নিজে বলেছেন আফগান বাহিনী তালেবানের সঙ্গে প্রতিরোধে আগ্রহী নয়। অর্থের অভাব ছিল না, আধুনিক সমরাস্ত্রেরও কমতি ছিল না। কিন্তু আফগান সরকারের ভেতর যে সীমাহীন দুর্নীতি, তার প্রভাবে সেনাবাহিনী অকেজো হয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই সাধারণ আফগান সৈন্যরা নিয়মিত বেতন পেত না। পর্যাপ্ত রসদের সরবরাহ ছিল না। মার্কিন সামরিক বিশেষজ্ঞরাও বলেছেন, এসব কারণে যুদ্ধে নেমে জান খোয়ানোর ইচ্ছাই তাদের ছিল না।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। গত দেড়-দুই বছরে তালেবান নেতৃত্ব আফগান কর্মকর্তাদের সঙ্গে উৎকোচের বিনিময়ে যুদ্ধ না করার আপস ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করে। ওয়াশিংটন পোস্ট–এর তথ্য অনুযায়ী তালেবানের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকার জন্য আফগান বাহিনীর সৈন্যদের প্রত্যেককে ১৫০ ডলার পর্যন্ত উৎকোচ প্রদান করা হচ্ছিল। আফগান সেনাবাহিনীর পতন নিশ্চিত হয়ে পড়ে গত বছর ফেব্রুয়ারিতে দোহাতে তালেবান নেতৃত্ব ও ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপস চুক্তি স্বাক্ষরের পর। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সৈন্য সরিয়ে নেওয়ার অঙ্গীকার করে। প্রেসিডেন্ট ট্রাম্প ২০২১ সালের মে মাসের মধ্যে এই প্রত্যাহার চূড়ান্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেন।

একজন আফগান সামরিক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, দোহা চুক্তির পর এ কথা স্পষ্ট হয়ে যায় যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে। এই অবস্থায় সবাই যার যার আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, ‘যেদিন চুক্তিটি স্বাক্ষরিত হয়, তখনই আমরা বুঝে যাই সব শেষ।’

সোমবার তাঁর ভাষণে বাইডেন বলেন, যুদ্ধ করতে যা যা প্রয়োজন, তার সবই আফগানদের দেওয়া হয়েছিল। বলেন, ‘আমরা তাদের বেতন দিয়েছি, তাদের বিমান রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। নিজেদের ভবিষ্যৎ যাতে তারা নিজেরাই ঠিক করতে পারে, তার সব সুযোগই আমরা তাদের দিয়েছি। কিন্তু আমরা তাদের যা দিতে পারিনি তা হলো সে ভবিষ্যৎ প্রতিষ্ঠায় লড়াই করার ইচ্ছা।’

বাইডেনের জন্য রাজনৈতিক সংকট

আফগানিস্তানের জন্য অর্থ, অস্ত্র ও মার্কিন সৈন্যদের জীবন দেওয়া অর্থহীন, এ কথা যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ বিশ্বাস করে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারেও অধিকাংশ মার্কিন নাগরিকের সমর্থন রয়েছে। এ ব্যাপারে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের মধ্যেও ঐকমত্য রয়েছে। কিন্তু এখন যেভাবে তড়িঘড়ি করে মার্কিন কর্মকর্তাদের আফগানিস্তান ছাড়তে হচ্ছে, টেলিভিশনের পর্দায় সে দৃশ্য দেখে মার্কিনরা শুধু হতাশ ও ক্রুদ্ধ নয়, রীতিমতো অপমানিত বোধ করছে। বাইডেন বলেছেন, ৫ বছর আগে বা ১৫ বছর পরে সৈন্য প্রত্যাহার করে নিলেও এই একই ঘটনা ঘটত। কিন্তু তাঁর শাসনামলে এমন ঘটনা ঘটায় তাঁকে এখন উভয় দলের রোষের শিকার হতে হচ্ছে।

এই সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সময়সীমা তিনিই প্রথম ঘোষণা করেন। কিন্তু এখন বিপর্যয়ের চিত্রটি প্রকট হয়ে পড়ার পর ট্রাম্প সব দোষ চাপাতে চাইছেন বাইডেনের ওপর। সোমবার এক বিবৃতিতে এই সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে ভর্ৎসনা করে বলেন, আফগানিস্তানে যা ঘটল, তা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিব্রতকর ঘটনা।

রিপাবলিকান পার্টির দুই প্রধান নেতা, সিনেটর মিচ ম্যাককনেল ও কংগ্রেসম্যান কেভিন ম্যাকার্থি আফগান বিপর্যয়ের জন্য বাইডেনের দিকে সরাসরি আঙুল তুলেছেন। ম্যাকার্থি বলেছেন, সাত মাস ধরে দেশের প্রেসিডেন্ট বাইডেন, তিনিই সেনাবাহিনীর সর্বাধিনায়ক। এই জটিল সময়ে নেতৃত্ব প্রদানে তাঁর ব্যর্থতা গভীর লজ্জার ব্যাপার। রিপাবলিকান দলের উঠতি নেতা সিনেটর রিক স্কট এই ব্যর্থতার জন্য বাইডেনের অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, শাসনতন্ত্রের ২৫তম ধারা ব্যবহার করে মন্ত্রিপরিষদের উচিত তাঁকে ক্ষমতাচ্যুত করা।

এমনকি কোনো কোনো ডেমোক্রেটিক নেতাও বাইডেনের ভূমিকার সমালোচনা করেছেন। সিনেটর ওয়ার্নার এই ব্যর্থতার জন্য গোয়েন্দা বিভাগের ভূমিকা খতিয়ে দেখার জন্য সিনেটের শুনানির দাবি তুলেছেন। মধ্যপন্থী হিসেবে বিবেচিত কংগ্রেস সদস্য ভিসেন্তে গনজালেস বলেছেন, এটি চলতি প্রশাসনের জন্য আরেকটি ব্যর্থতা, এই লজ্জা ঢেকে রাখার কোনো উপায় নেই। স্পিকার ন্যান্সি পেলোসি অবশ্য বাইডেনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ‘আফগানিস্তানে আমাদের কী ভূমিকা, তা স্পষ্ট করে তুলে ধরার জন্য তিনি প্রশংসার দাবিদার।’

ভাবা হচ্ছে, কাবুল বিপর্যয়ের কারণে বাইডেনকে কড়া মূল্য দিতে হতে পারে। মার্কিনরা নিজেদের অজেয় দেখতে ভালোবাসে। কাবুল বিমানবন্দরে আফগান নাগরিকদের মার্কিন পরিবহন বিমান ধরে আঁকড়ে ধরার দৃশ্য তাদের ১৯৭৫ সালে ভিয়েতনামের সায়গন থেকে আমেরিকানদের পলায়নের লজ্জাজনক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। বাইডেন দাবি করেছেন, আফগানিস্তান ত্যাগের সিদ্ধান্ত সঠিক, শুধু তিনি নন, ট্রাম্পসহ তাঁর একাধিক পূর্বসূরি এই চেষ্টা করে গেছেন। সে কথা ঠিক, কিন্তু ব্যর্থতার দায়ভার তাঁরা কেউ বহন করবেন না, বাইডেনকেই বহন করতে হবে।

এই মুহূর্তে বাইডেনের সর্বোচ্চ অগ্রাধিকার হলো অবকাঠামো ও বাজেট প্রশ্নে দুটি ভিন্ন ভিন্ন খসড়া আইন কংগ্রেসে পাস করিয়ে নেওয়া। সন্দেহ করা হচ্ছে, প্রতিপক্ষ রিপাবলিকান পার্টি আফগান জটিলতাকে ব্যবহার করে তাঁর সে চেষ্টায় বাধা দেবে। ডেমোক্রেটিক নির্বাচনী কৌশলবিদেরা মনে করেন, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে এই দলের সাফল্য বহুলাংশে নির্ভর করবে প্রস্তাবিত আইন দুটির বাস্তবায়নের ওপর। অবকাঠামো প্রশ্নে রিপাবলিকান সমর্থনপুষ্ট হয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে সিনেটে গৃহীত হয়েছে। কিন্তু প্রতিনিধি পরিষদের প্রগতিশীল হিসেবে পরিচিত একদল ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাবটি গৃহীত না হওয়া পর্যন্ত অবকাঠামো আইনটির প্রতি সমর্থন দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তাঁর ‘মধুচন্দ্রিমা কাল’ ইতিমধ্যে পেরিয়ে এসেছেন। কোভিড প্রশ্নে বাইডেন প্রশাসনের বিভ্রান্তিকর ব্যবস্থাপনার কারণে তাঁর প্রতি সমর্থনে টান পড়ছে। অনেক আমেরিকান মনে করেন, দেশ সঠিক পথে এগোচ্ছে না। বাইডেনের জন্য নতুন মাথাব্যথা হিসেবে যুক্ত হলো আফগানিস্তান। ক্ষমতা গ্রহণের পর তালেবান যদি আগের অভ্যাসে ফিরে যায়, মানবাধিকার লঙ্ঘন করে ও নারীর মৌলিক অধিকার খর্ব করে, তা বাইডেনের জন্য কলঙ্ক হিসেবেই চিহ্নিত হবে। রিপাবলিকান কৌশলবিদ কার্ল রোভ বলেছেন, চাইলেও বাইডেনের পক্ষে এই কলঙ্ক মুছে ফেলা সম্ভব হবে না।