কাবুলে সামরিক অ্যাকাডেমির কাছে হামলায় দুই সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ সোমবার ভোরে সামরিক অ্যাকাডেমি চত্বরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এই হামলায় কমপক্ষে দুজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি।

নিজস্ব সংবাদ সংস্থা আমাকে আইএস এই হামলার দায় নিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলাত ওয়াজিরি জানান, মার্শাল ফাহিম সামরিক অ্যাকাডেমির কাছে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে কমপক্ষে দুজন সেনা নিহত হয়েছেন। ১০ জন আহত হয়েছেন। তিনি বলেন, হামলাকারীরা বাহিনীকে ধ্বংস করে দিতে চায়।

ওয়াজিরি আরও বলেন, একজন বোমা বহনকারী নিজেই বিস্ফোরণ ঘটান। আরেকজন বোমা বহনকারী আমাদের বাহিনীর হাতে ধরা পড়ে। বাকি তিনজন নিহত হয়েছেন। আরেকজন চিকিৎসাধীন।

আফগান নিরাপত্তা বাহিনী বলছে, কড়া নিরাপত্তার কারণে হামলাকারীরা সামরিক বাহিনী চত্বরের ভেতরে যেতে পারেনি।

কর্মকর্তারা বলছেন, অ্যাকাডেমির কাছে সামরিক বাহিনীর ওপর এই হামলা হয়। সেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলছে, তাঁরা ভোর থেকে বেশ কয়েকবার বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

হামলাস্থলের আশপাশের সব রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

গত বছরের অক্টোবর মাসে এই সামরিক একাডেমির বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৫ জন সামরিক সদস্য নিহত হন।

গত শনিবার কাবুলে অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১০০ জন নিহত হয়। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

দেশটিতে গত এক সপ্তাহের মধ্যে কয়েক দফায় হামলার চালানো হলো। ২০ জানুয়ারি রাতে কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢুকে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। এতে ১৪ বিদেশিসহ ৪০ জন নিহত হয়। এরপর ২৪ জানুয়ারি জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে একদল সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছিল। এতে দুজন নিহত হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই কার্যালয়।