কাবুলে শিয়াদের বিক্ষোভে হামলায় নিহত ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলে হাজারা সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী হামলার পর আহত এক বিক্ষোভকারীকে হাসপাতালে নেওয়া হচ্ছে l ছবি: রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলে হাজারা সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী হামলার পর আহত এক বিক্ষোভকারীকে হাসপাতালে নেওয়া হচ্ছে l ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শনিবার সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের একটি বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। বিকেলের এ হামলায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ঘটনার কিছুক্ষণের মধ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলাটি চালিয়েছে বলে দাবি করে।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে বলেছেন, কিছু ‘সুযোগসন্ধানী’ বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তাকর্মীসহ নিরীহ মানুষকে হত্যা করেছে। হামলায় কতজন অংশ নিয়েছিল, তা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিশ্চিত করা না হলেও আইএসের আমাক ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তাদের দুজন সদস্য সমাবেশে ঢুকে হামলাটি চালিয়েছে।
আফগানিস্তানের তালেবান বাহিনীর পক্ষ থেকে এই হামলার নিন্দা জানানো হয়েছে।
হাজারা গোষ্ঠীর লোকেরা একটি বিদ্যুৎ লাইনের প্রতিবাদে বিক্ষোভ করছিল। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে যাবে এমন একটি বিদ্যুৎ লাইন আফগানিস্তানের শিয়া হাজারা অধ্যুষিত বামিয়ান প্রদেশের ওপর দিয়ে নেওয়ার কথা। ২০১৩ সালে তৎকালীন আফগান সরকারের আমলে এই বিদ্যুৎ লাইন বামিয়ান থেকে সরিয়ে নেওয়া হয়।

বিদ্যুৎ লাইনের নকশা আবার বামিয়ানে ফিরিয়ে নেওয়ার দাবিতে গতকাল কাবুলের দেহ্ মাজাং চত্বরে শিয়া হাজারা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়। বিকেলে হঠাৎ করেই সেখানে একাধিক আত্মঘাতী বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের পরপরই সেখানে বহু ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। নিকটস্থ হাসপাতালে আহত ব্যক্তিদের নেওয়ার পর সেখানে রক্তের অভাবে অনেকের অস্ত্রোপচার করা যাচ্ছিল না। কাবুলে আইএসের দাবি করা হামলার মধ্যে এটিকেই ভয়াবহতম বলে মনে করা হচ্ছে।
আফগানিস্তানে সব মিলিয়ে ৩০ লাখ হাজারা শিয়ার বাস। ৯০ এর দশকে আল কায়েদা এবং পশতুন সুন্নিদের হামলায় বহু হাজারা নিহত হয়। হাজারা সম্প্রদায় মনে করে, দেশটিতে প্রায় সব সরকারই তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে এসেছে। গতকালের বিক্ষোভ মিছিলেও সেই ক্ষোভের প্রকাশ ঘটে। গতকাল হামলার আগে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে হামলার পর সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।