কাবুলে সুপ্রিম কোর্ট চত্বরে আত্মঘাতী হামলা, নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্ট চত্বরে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আদালতের দাপ্তরিক কাজ শেষে ঘরমুখো মানুষকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৪১ জন।
এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এক মাসের মধ্যে সরকারি দপ্তরে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিবুল্লাহ দানিশ এএফপিকে বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গায় আদালতের কর্মীরা যখন বাড়ির উদ্দেশে বাসে উঠতে যাচ্ছিলেন, তখনই হামলাকারী হেঁটে এসে এ বিস্ফোরণ ঘটায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানান, হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।

ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। এরই মধ্যে আদালতের কর্মীদের স্বজনেরা সেখানে ভিড় করতে শুরু করেছেন। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও ছুটে আসে।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসের যাওয়ার পথে অবস্থান সুপ্রিম কোর্ট ভবনের।

এর আগেও সুপ্রিম কোর্টে হামলা চালিয়েছিল তালেবান। ২০১৩ সালে আদালতের প্রবেশপথে আত্মঘাতী গাড়ি হামলায় ১৫ জন নিহত হয়েছিল।

গত মাসে পার্লামেন্টের বর্ধিত ভবন থেকে কর্মীরা বের হওয়ার সময় তালেবান জঙ্গিরা দুটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটনায়। সেই ঘটনায় মারা যায় ৩০ জন আহত হয় ৮০ জন।