কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই হামলা চালানো হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর মেলেনি। খবর এএফপির।
কাবুলের কেন্দ্রস্থলের শেরপুর এলাকায় স্পেনের দূতাবাসের অবস্থান। সেখানে সন্ধ্যার দিকে ভয়াবহ গাড়িবোমা হামলা চালানো হয়। এরপর ওই এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দও পাওয়া যায়। তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, বিদেশি একটি অতিথিশালা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
তবে তালেবানের টার্গেট করা ওই অতিথিশালা স্পেনের দূতাবাসের ভেতরে না বাইরে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্পেনের সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট মারিয়ানো রাজয়কে কাবুলে দূতাবাসে হামলার বিষয়টি জানানো হয়েছে।
সামরিক জোট ন্যাটো জানায়, ন্যাটোর অধীনে স্পেনের নয়জন সেনা আফগানিস্তানে রয়েছে।