কাবুলে হাজারাদের বিশাল বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল বুধবার জাতিগত সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে হাজারা সম্প্রদায়ের সাতজন নিহত হওয়ার ঘটনায় ওই বিক্ষোভ শুরু হয়। খবর রয়টার্সের।
টেলিভিশনের ভিডিও চিত্রে দেখা যায়, হাজার হাজার লোক বিক্ষোভ করে কাবুলে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হচ্ছেন। বিক্ষোভকারীরা তাঁদের সম্প্রদায়ের সাত সদস্যের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রেসিডেন্ট ভবনের কাছে পৌঁছে কিছু বিক্ষোভকারী একটি ভবনের দেয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশের গুলি ছোড়ার কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারী একজন নারীকে ধরাধরি করে নিয়ে যেতে দেখা যায়। ওই নারী গুলিবিদ্ধ হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
কাবুলে কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ বলে উল্লেখ করা হচ্ছে।
হাজারা সম্প্রদায় মূলত শিয়া মুসলিম। ফারসি ভাষায় কথা বলে তারা। আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছেন হাজারা সম্প্রদায়ের সদস্যরা। গত নব্বইয়ের দশকে কট্টরপন্থী তালেবান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার হাতে হাজারা সম্প্রদায়ের কয়েক হাজার সদস্য গণহত্যার শিকার হন। চলতি বছরও এই সম্প্রদায়ের বেশ কিছু লোক খুন ও অপহরণের শিকার হয়েছেন।