কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ হয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে মার্কিন সেনা ও বেসামরিক আফগান নারী-শিশু রয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাবুলের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিমানবন্দরের আবে গেটের অদূরে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। কাবুল ছাড়তে অপেক্ষায় থাকা পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা এই হোটেলে রয়েছেন। বিস্ফোরণস্থলের একটু দূরেই মার্কিন ও ব্রিটিশ সেনাদের অবস্থানস্থল।
আফগানিস্তানের রাজধানীতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ১০ দিন পর গতকাল কাবুলে এই জোড়া বিস্ফোরণ ঘটে।
তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য রয়েছেন।
অন্যদিকে তালেবান জানিয়েছে, এই হামলায় তাদের অন্তত ২৮ জন সদস্য নিহত হয়েছে। তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই কর্মকর্তা বলেন, ‘হামলায় আমেরিকানদের চেয়ে আমরা বেশি মানুষ হারিয়েছি।’
পশ্চিমা দেশগুলো আগে থেকেই এই বিমানবন্দরে হামলার আশঙ্কা করে আসছিল। আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
হামলার পর বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।