কাবুলে হামলায় স্পেনের দুজনসহ নিহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসসংলগ্ন এলাকায় তালেবান হামলায় স্পেনের দুই নিরাপত্তারক্ষীসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘণ্টাব্যাপী ওই হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়।
কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফ্রাইদুন ওবাইদি এএফপিকে জানান, ওই হামলায় চার আফগান পুলিশ, দুই বিদেশি নাগরিক ও চার হামলাকারী নিহত হয়েছেন। ওই হামলায় নিহত দুই বিদেশি নাগরিক স্পেনের পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছে স্পেন সরকার।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি গতকাল তালেবানের সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তার ঘণ্টাখানেক পড়েই ওই হামলা চালায় তালেবান জঙ্গিরা।
হামলার সময় ওই এলাকায় থাকা এএফপির একজন চিত্রগ্রাহক জানান, হামলার পর দূতাবাসের কাছ থেকে নিরাপত্তাকর্মীরা এক ব্যক্তির নিথর দেহ ও আহত দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান। আহত একজনের মাথা থেকে রক্ত ঝরছিল। অন্যজনের পায়ে গুলি লেগেছিল।
হামলার পর পর দায় স্বীকার করে তালেবান বলেছে, হামলার লক্ষ্য ছিল বিদেশি অতিথিশালা। এর আগে কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল, স্পেনের দূতাবাস চত্বরে হামলা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, ‘দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়নি, হয়েছে দূতাবাসের কাছের কয়েকটি অতিথিশালায়।
কাবুলের কেন্দ্রস্থলে স্পেনের ওই দূতাবাসের আশপাশে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয় ছাড়াও আফগানিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বাসভবন রয়েছে।