কাবুলেই আছেন হামিদ কারজাই, জনগণের সুরক্ষা চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে। গতকাল রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশের পর আফগানিস্তান ছেড়েছেন গনি। তবে আশরাফ গনি দেশ ছাড়লেও কাবুলে রয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। কাবুলের পতনের পর তিনি একটি ভিডিও বার্তায় আফগান জনগণের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর নিজের তিন মেয়েকে সঙ্গে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হামিদ কারজাই। এতে তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তালেবানের প্রতি আহ্বান জানান। কারজাই বলেন, ‘মেয়েদের নিয়ে আমি কাবুলেই আছি। আর আমি তালেবানকে মানুষের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানাচ্ছি।’

আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। ওইসময় দেশটির প্রেসিডেন্ট মনোনীত হন হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তিনি। কারজাইয়ের পর আফগানিস্তানে ক্ষমতায় আসেন আশরাফ গনি।

আশরাফ গনি দেশ ছাড়ায় রোববার আফগানিস্তানের প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান বাহিনী। আশরাফ গনি গতকালই কাবুল ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, আশরাফ গনি ফেসবুক পোস্টে বলেছেন, কাবুলে রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন।

আরও পড়ুন

আশরাফ গনিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন আফগান শান্তি প্রক্রিয়ার অন্যতম আলোচক হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ। নিজের ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন...তিনি জাতিকে ফেলে গেছেন। সৃষ্টিকর্তা তাঁকে জবাবদিহি করবেন।’

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, আফগান সরকার একটি ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। সে বিষয়ে তালেবান ও সরকারের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালির নাম শোনা যাচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে তাঁরা আশা করছেন। কাবুলের জনগণের জানমাল নিরাপদ রাখা এবং নারীদের অধিকার রক্ষার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও কূটনীতিকদের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন