কাবুলের পুলিশ প্রধানের পদত্যাগ
আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশপ্রধান পদত্যাগ করেছেন। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা ঘোষণা করেন। গত কয়েক দিনে কয়েকটি রক্তক্ষয়ী জঙ্গি হামলার প্রেক্ষাপটে পদ থেকে সরে দাঁড়ালেন পুলিশপ্রধান জেনারেল জাহির জাহির। খবর রয়টার্স ও এএফপির।
রাজধানীর পুলিশপ্রধানের এক মুখপাত্র জানান, কাবুলে বিদেশিদের ওপর তালেবান বাহিনীর পরপর কয়েকটি মারাত্মক হামলার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১০ দিনে কাবুলে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে তালেবানরা তিনটি মারাত্মক হামলা চালিয়েছে। এর সর্বশেষটি ছিল গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠানে। হামলায় ওই প্রতিষ্ঠানে কর্মরত দক্ষিণ আফ্রিকার এক নাগরিক এবং তাঁর ১৫ ও ১৭ বছর বয়সী দুই সন্তান নিহত হয়েছে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কার্যক্রম শেষের মুহূর্তে তালেবান বিদেশি দূতাবাস ও সেনা-পুলিশসহ বিভিন্ন সরকারি অবস্থানের ওপর হামলা জোরদার করেছে।