কাবুলের বিমানবন্দর থেকে লোকজন সরানোর কাজ শেষ ধাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আরও হামলার আশঙ্কা জানিয়ে কাবুলের বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়ার অভিযান শেষ পর্যায়ে এনেছে যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযান গতকাল শনিবারই শেষ ঘোষণা করেছে যুক্তরাজ্য।

এদিকে আফগানিস্তানে ড্রোন (মানববিহীন বিমান) হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীদের একজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) ওই সদস্যকে নিশানা করা হয়েছিল। মধ্যপ্রাচ্য থেকে উড়াল দেওয়া ড্রোন দিয়ে চালানো হামলায় ওই পরিকল্পনাকারী তাঁর এক সঙ্গীসহ নিহত হন। হামলার সময় দুজনে একটি গাড়িতে ছিলেন।

গত বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা আইএসকেপি। হামলার পরদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘আমরা তোমাদের খুঁজে বের করব এবং তোমাদের মূল্য দিতে হবে।’ তাঁর এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ড্রোন হামলায় পরিকল্পনাকারীদের একজনকে হত্যার কথা জানানো হয়।

এদিকে তালেবানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে গতকাল আল-জাজিরা জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে আইএসকেপির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবানের গোয়েন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।

তালেবান ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে নিজ নিজ দেশের নাগরিক এবং তাঁদের হয়ে কাজ করা আফগানদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। তালেবানের শাসন থেকে পালিয়ে যেতে মরিয়া আফগানরা দলে দলে ভিড় করেন বিমানবন্দরে। সেখান থেকেই উড়োজাহাজে এসব ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছিল। তালেবানের সঙ্গে চুক্তি অনুসারে আগামী মঙ্গলবারের মধ্যে দেশটি থেকে সব বিদেশি সেনাকে চলে যেতে হবে। এর মধ্যে বৃহস্পতিবার ওই হামলার পর তড়িঘড়ি এই উদ্ধার অভিযান শেষ করছে বিভিন্ন দেশ। জার্মানি, স্পেন, ফ্রান্সসহ কয়েকটি দেশের পর গতকাল যুক্তরাজ্য ও ইতালিও তাদের উদ্ধার অভিযান শেষ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেবে তারা। গতকাল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার মানুষকে কাবুলের বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার ১২ ঘণ্টায় ৪ হাজার ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য কাবুল থেকে বেসামরিক নাগরিদের সরিয়ে নেওয়া গতকাল শেষ করেছে। এরপর তারা শুধু কূটনীতিক ও সামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে ফ্লাইট পরিচালনা করবে।

তবে এখন আবারও হামলার আশঙ্কায় থাকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, শেষের এই সময়টাই এখন পর্যন্ত আফগানিস্তানে ‘সবচেয়ে সংকটের’ সময় পার করতে যাচ্ছেন তাঁরা।

বিমানবন্দরে অবস্থান নিয়ে কাজ চালিয়ে যাওয়া আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে। গতকাল দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা হুমকি থাকায় আমেরিকানদের কাবুল বিমানবন্দরে যাওয়া ঠিক হবে না। যাঁরা এখন বিমানবন্দরের ফটকগুলোতে অবস্থান করছেন, তাঁদের অবিলম্বে চলে যাওয়া উচিত। কাবুল বিমানবন্দরে লোকজনের ভিড় ঠেকাতে আশপাশের এলাকায় বাড়তি সদস্যদের মোতায়েন করেছে তালেবান। বিমানবন্দর অভিমুখী সড়কগুলোতে নতুন নতুন তল্লাশিচৌকি বসিয়েছে তারা।

বরিস জনসন-ম্যার্কেলের আলোচনা

তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান নিয়ে অবস্থান কী হবে, তা নিয়ে গতকাল আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ফোনালাপে দুই নেতা আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন। ভবিষ্যৎ আফগান সরকার নিয়ে জি-৭ জোটভুক্ত সদস্যদের সম্মিলিত অবস্থানের পক্ষে মত দিয়েছেন তাঁরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তালেবান সরকারকে স্বীকৃতি ও তাদের সঙ্গে সম্পৃক্ততা অবশ্যই শর্তসাপেক্ষ হবে। আর তা হলো দেশ ছাড়তে চাওয়া ব্যক্তিদের নিরাপদে আসার সুযোগ প্রদান এবং তালেবানকে মানবাধিকার রক্ষা করা।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া তালেবান নেতা শের মোহাম্মদ স্ট্যানিকজাই এক টেলিভিশন ভাষণে বলেছেন, বিদেশি সেনারা চলে যাওয়ার পরেও দেশ ছাড়তে চাওয়া আফগানদের জন্য সীমান্ত খোলা থাকবে। এ ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। যথাযথ কাগজপত্র নিয়ে এসব ব্যক্তি যেকোনো সময় দেশের বাইরে যেতে পারবেন বা দেশে আসতে পারবেন।

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান

তালেবান আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত নারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, কাবুল ও অন্যান্য প্রদেশে নারী কর্মীদের তাঁদের নিয়মিত দায়িত্বে যোগ দেওয়া উচিত। তবে অন্য নারী কর্মজীবীদের বিষয়ে কিছু বলেননি তিনি। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের অনেক কর্মজীবী নারী তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছিলেন। জাবিউল্লাহ মুজাহিদ আগামী এক সপ্তাহের মধ্যে কাবুলের বাসিন্দাদের মধ্যে যার যার কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরকারি জিনিসপত্র আছে, সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ধরা পড়লে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ব্যাংকের সামনে বিক্ষোভ

টাকার জন্য গতকাল কাবুলের একটি ব্যাংকের সামনে বিক্ষোভ করেন কয়েক শ আফগান। নিউ কাবুল ব্যাংকের সামনে ওই বিক্ষোভকারীদের মধ্যে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীও ছিলেন। তিন থেকে ছয় মাস বেতন পান না জানিয়ে তা দাবি করেন তাঁরা। বিক্ষোভকারীরা বলেন, তিন দিন আগে ব্যাংক খুললেও কেউ টাকা তুলতে পারছেন না। এটিএম মেশিনগুলো কাজ করলেও ২৪ ঘণ্টায় মাত্র ২০০ ডলারের মতো তোলা যাচ্ছে। এতে মেশিনগুলোর সামনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে।

এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গতকাল আফগানিস্তানের জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভয়াবহ খরা, কোভিড-১৯-এর অর্থনৈতিক প্রভাব এবং তালেবান ক্ষমতা দখলের পর বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ায় আফগানিস্তানের ৭০ লাখের বেশি মানুষ সংকটের মুখে পড়েছে। এর আগে জাতিসংঘের খাদ্য কর্মসূচি বলেছিল, আফগানিস্তানের প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের জরুরি সহায়তা দরকার।