কাবুলের বিশ্ববিদ্যালয়ে 'জঙ্গি হামলায়' নিহত ১২
আফগানিস্তানের রাজধানী কাবুলের আমেরিকান ইউনিভার্সিটিতে সন্দেহভাজন জঙ্গি হামলায় সাত শিক্ষার্থীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। বুধবার রাতের এ হামলার দায় গতকাল বিকেল পর্যন্ত কেউ স্বীকার না করলেও এটি তালেবান জঙ্গিদের কাজ বলে ধারণা করা হচ্ছিল।
ঘটনাস্থলে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধার করতে নিরাপত্তা বাহিনী প্রায় ১০ ঘণ্টা ধরে অভিযান চালায়। বুধবার সন্ধ্যা থেকে একের পর এক বিস্ফোরণ ও গুলির আওয়াজে প্রকম্পিত হয় ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিকি বলেন, হামলায় সাত শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের একজন প্রহরী, পাশের কারিগরি স্কুলের প্রহরী ও পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কয় জন সন্ত্রাসী ওই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত দুজন হামলাকারী নিহত হয়েছে।
হামলার দায় গতকাল বিকেল পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা পশ্চিমা-সমর্থিত সরকারের বিরুদ্ধে দেশজুড়ে যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, সম্ভবত এটা তারই অংশ। কয়েক সপ্তাহ আগেই ওই বিশ্ববিদ্যালয়ের দুই বিদেশি অধ্যাপককে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গিরা।