কায়রোতে ইতালির কনস্যুলেটে হামলা
মিসরের রাজধানী কায়রোতে গতকাল শনিবার ইতালির কনস্যুলেটে গাড়িবোমা হামলায় একজন নিহত হয়েছেন। মিসরে দুই বছর আগে জঙ্গিদের তৎপরতা শুরুর পর এটাই বিদেশি কোনো মিশনে হামলার প্রথম ঘটনা। খবর এএফপির।
বোমার আঘাতে ইতালির ওই কনস্যুলেট ভবনটির সামনের অংশটা উড়ে গেছে। গতকাল স্থানীয় সময় সকালে বিস্ফোরিত ওই বোমার শব্দ কায়রোর প্রায় সব এলাকা থেকেই শোনা যায়।
কায়রোর মধ্যাঞ্চলে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কাছে অবস্থিত ওই ভবনে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে একই ধরনের একটি হামলায় মিসরের অ্যাটর্নি জেনারেল নিহত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মাথায় এ ঘটনা ঘটল। ওই হত্যাকাণ্ডের দায়ও এখনো কেউ স্বীকার করেনি।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোশাম আবদেল গাফফার জানান, গতকালের হামলায় একজন বেসামরিক লোক নিহত হওয়ার পাশাপাশি নয়জন আহত হয়েছেন, যার মধ্যে পুলিশ ও পথচারী রয়েছেন।
এ বোমা হামলার নিন্দা জানিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি বলেছেন, হামলার ভয়ে তাঁরা ভীত হবেন না।