কারাগারে হামলা চালিয়ে 'সন্ত্রাসীদের' নিয়ে গেল বন্দুকধারীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনে একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়ে কয়েকজন ‘সন্ত্রাসীকে’ মুক্ত করে নিয়ে গেছে। এ সময় কারাগারের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে হত্যা করে বন্দুকধারীরা।
আজ রোববার বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী মানামার দক্ষিণে জো কারাগারে এ হামলার ঘটনা ঘটে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কারাগারে হামলার পর থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কারাগার থেকে কতজন বন্দী পালিয়েছেন, তা নিশ্চিত করে জানানো হয়নি।
বাহরাইনে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বিক্ষোভ শুরু হয়। দেশটিতে সুন্নি মুসলিম শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে এই বিক্ষোভ শুরু করে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমরা। এ বিক্ষোভে এখন পর্যন্ত পুলিশসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার জনকে।