আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা মীমাংসার জন্য পাকিস্তান এবং ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশ গিলগিট-বালতিস্তানকে দেশটি নিজেদের পঞ্চম প্রদেশ ঘোষণার পরিকল্পনা নিয়েছে। এতে প্রতিবেশী ভারতের আপত্তি আছে। দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্যপথ চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) কিছু অংশ গিলগিট-বালতিস্তানের মধ্যে পড়েছে। এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, কাশ্মীর বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত এবং স্পষ্ট রয়েছে। ভারত ও পাকিস্তানের ইতিহাসের অমীমাংসিত থেকে যাওয়া অংশ হিসেবে কাশ্মীর প্রসঙ্গটির সুষ্ঠু সমাধান দরকার। মুখপাত্র আরও বলেন, সিপিইসি প্রকল্প কাশ্মীরের বিষয়ে চীনের অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলেনি।
সাড়ে পাঁচ হাজার কোটি ডলার ব্যয়ে সিপিইসি প্রকল্প দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের গোয়াদার বন্দর ও চীনের পশ্চিম প্রান্তের শিনজিয়াংকে যুক্ত করবে।