কাশ্মীরের স্পিকারকে আমন্ত্রণ জানালে আপস করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ না জানানোর ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, ওই স্পিকারকে আমন্ত্রণ করা হলে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের অবস্থানের সঙ্গে আপস করা হবে। খবর এনডিটিভির।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারত ইতিমধ্যেই বলেছে, ওই সম্মেলনে জম্মু ও কাশ্মীরের বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ না জানালে তারা সম্মেলন বর্জন করবে।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আমন্ত্রণ জানাতে অস্বীকৃতির বিষয়টি জানান। ইসলামাবাদে তিনি বলেন, ‘পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিধানসভাকে বৈধ বলে স্বীকার করে না।’

সারতাজ আজিজ বলেন, পাকিস্তান যদি জম্মু ও কাশ্মীরের বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানায় তবে কাশ্মীর নিয়ে দেশটির নৈতিক অবস্থানের সঙ্গে আপস করা হবে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনপ্রকাশিত প্রতিবেদনে পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত টি সি এ রাঘবনকে উদ্ধৃত করে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ না জানালে পাকিস্তান রাষ্ট্রাচার (প্রটোকল) ভঙ্গ করবে। স্পিকারকে আমন্ত্রণ না জানালে সম্মেলন বর্জনের কথাও জানান রাঘবন।