কায়রোতে বোমা হামলায় ১৬ জন নিহত
মিসরের রাজধানী কায়রোতে একটি রেস্তোরাঁ কাম নাইট ক্লাবে (নৈশ বিনোদনকেন্দ্র) গতকাল শুক্রবার ভোরের আগে আগে পেট্রলবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। খবর এএফপির।
হামলার শিকার রেস্তোরাঁটির অবস্থান কায়রোর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত আগুজায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মুখোশধারী তিন ব্যক্তি একাধিক বোমা ছুড়ে পালিয়ে যান। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ।
নিরাপত্তা বাহিনী সূত্র বলেছে, ওই নাইট ক্লাবের কর্মীদের সঙ্গে একদল তরুণের বিরোধ হয়েছিল। সম্ভবত ওই ঘটনার জেরেই বোমা হামলা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, হামলাকারীরা সন্ত্রাসবাদে জড়িত নয়।
বিস্ফোরণের পর সৃষ্ট আগুন ভবনের নিচে ভূগর্ভস্থ রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। মাটির নিচে হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসাটা লোকজনের জন্য কঠিন হয়ে পড়ে।
যাঁরা নিহত হয়েছেন, তাঁদের কারও কারও শরীর আগুনে পুড়ে গেছে। আর ধোঁয়ায় বাকিদের দম বন্ধ হয়ে যায়।
মিসরে প্রায় নিয়মিত কট্টরপন্থীদের সহিংস হামলা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। তবে নাইট ক্লাবে হামলার ঘটনা বিরল। দেশটিতে সন্ত্রাসী হামলার জন্য মূলত ইসলামপন্থী বিদ্রোহীদের দায়ী করা হয়।