সিরিয়ার কোবানি শহর রক্ষায় লড়াইরত কুর্দি যোদ্ধাদের জন্য মার্কিন বিমান থেকে ফেলা কিছু অস্ত্র ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হাতে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর এএফপি ও সিবিএস নিউজের।
তুরস্ক সীমান্তবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুর্দি অধ্যুষিত শহর কোবানির নিয়ন্ত্রণ নিতে গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছে আইএস জঙ্গিরা। তবে শহরটির সুরক্ষায় নিয়োজিত কুর্দি মিলিশিয়ারা মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সমর্থন নিয়ে এখন পর্যন্ত সব আক্রমণ প্রতিহত করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গত সোমবার বিমান থেকে ২৮ বান্ডিল অস্ত্র ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন ধরনের সহায়তা কুর্দি মিলিশিয়াদের অবস্থানে ফেলেছে। তবে ওই সহায়তার একটি অংশ আইএস জঙ্গিদের হাতে পড়েছে বলে দাবি করা হয়। পেন্টাগন গত বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ওই ২৮ বান্ডিলের মধ্যে মাত্র একটি বান্ডিল আইএস জঙ্গিরা লুট করেছে। আরেকটি বান্ডিলও আইএসের হাতে পড়েছিল। তবে বিমান হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে।
ক্ষুব্ধ তুরস্ক: এদিকে বিমানে করে কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার মার্কিন পদক্ষেপে যারপরনাই খেপেছে তুরস্ক। আঙ্কারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের কিছু অংশ আইএস জঙ্গি এবং কিছু অংশ সিরিয়ার কুর্দি গ্রুপ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) হাতে পড়েছে।
পিওয়াইডিকে তুর্কি কুর্দি গ্রুপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সিরীয় শাখা হিসেবে দেখে থাকে আঙ্কারা। এই পিকেকে স্বশাসনের দাবিতে তুরস্কের বিরুদ্ধে তিন দশক ধরে লড়াই করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ফল পাওয়া অসম্ভব।’
লড়াই অব্যাহত: কোবানির দখল নিতে আক্রমণ অব্যাহত রেখেছে আইএস জঙ্গিরা। গতকাল বৃহস্পতিবার সকালেও শহরটির কোনো কোনো এলাকায় প্রচণ্ড লড়াই হয়েছে। আইএসের এসব আক্রমণ প্রতিহত করতে অন্তত ছয় দফায় বোমাবর্ষণ করেছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় এ পর্যন্ত ৫৫৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন আইএস জঙ্গি, ৫৭ জন আল-কায়েদাপন্থী আল-নুসরা ফ্রন্টের সদস্য এবং ৩২ জন বেসামরিক লোক। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ কথা জানিয়েছে।