কিছু প্রশ্নের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জাপানে নতুন নিরাপত্তা আইনের ফলে ৭০ বছর পর দেশটির সেনাবাহিনীর আবার বিদেশে গিয়ে যুদ্ধ করার পথ সুগম হলো। বার্তা সংস্থা এএফপি এই আইন এবং সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর তুলে ধরেছে

প্রশ্ন: জাপানের সামরিক বাহিনী কত বড়? তাদের ওপর কী বিধিনিষেধ ছিল, কেনই বা ছিল?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর থেকে জাপানের সামরিক বাহিনী ‘আত্মরক্ষা বাহিনী’ নামে পরিচিত ছিল। সেনা, নৌ ও বিমানবাহিনী মিলে তাদের সেনাসংখ্যা ২ লাখ ২৭ হাজার। এই সংখ্যা চীন (২৩ লাখ) ও যুক্তরাষ্ট্রের (১৪ লাখ) চেয়ে অনেক কম হলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির চেয়ে বেশি। পুরোনো আইন অনুযায়ী জাপানের সেনাবাহিনী নিজে আক্রান্ত হলে কিংবা দেশ আক্রান্ত হলেই কেবল শক্তি প্রয়োগ করতে পারত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিজয়ী মিত্রশক্তি জাপানের ওপর যে শান্তিবাদী সংবিধান চাপিয়ে দেয় তার ওপর ভিত্তি করেই ওই আইন করা হয়।
প্রশ্ন: নতুন আইনে কী পরিবর্তন আনা হলো? জাপানের বাহিনী কখন যুদ্ধে জড়াতে পারবে?
উত্তর: নতুন আইন অনুযায়ী জাপানের সেনারা যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষা দিতে পারবে। এ ছাড়া জাপানের প্রতি বন্ধুভাবাপন্ন দেশের বাহিনীকেও সহায়তা করতে পারবে। আইনটি কার্যকর হতে ছয় মাস লাগবে। দেশের বাইরে বিপজ্জনক কোনো অভিযানে সেনা পাঠাতে হলে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
প্রশ্ন: জাপানে আইনটি নিয়ে এত বিতর্ক কেন?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃসহ স্মৃতি (যার মধ্যে আছে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক বোমা হামলা) এখনো জাপানিদের তাড়া করে। দেশটির অনেক নাগরিকই মনে করে, সংবিধানের যুদ্ধবিরোধী অনুচ্ছেদটি জাপানের শান্তিকামী ভাবমূর্তিরই প্রকাশ। তাই দেশের মানুষের একটি বড় অংশ নতুন এই আইনের বিরোধী। তাদের আরেকটি আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যারা লড়াই করছে, তারা সবাই এখন জাপানকে শত্রু বলে গণ্য করবে।
প্রশ্ন: বিরোধীরা বলছে, নতুন আইনের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে জাপানের সেনা মোতায়েনের পথ খুলে গেল। সেটা কী হতে পারে?
উত্তর: প্রধানমন্ত্রী শিনজো আবে বলছেন, বিশৃঙ্খল বা দীর্ঘ সশস্ত্র সংঘাতে জাপান জড়াবে না। তিনি বলছেন, আইনের পরিবর্তন আনা হয়েছে উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য হুমকির কারণে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে।