উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশেই তাঁর সৎভাই কিম জং-নামকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি জড়িত ছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের এ রকম তথ্য দিয়েছে।
মালয়েশিয়ার পুলিশ ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উত্তর কোরিয়ার আটজন সন্দেহভাজন নাগরিককে খুঁজছে। তাঁদের চারজন রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের ও দুজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার গুপ্তচরেরাই কুয়ালালামপুরে ১৩ ফেব্রুয়ারি জং-নামকে হত্যা করেন। পিয়ংইয়ং বিষয়টি স্বীকার করেনি।
মালয়েশিয়া বলছে, জং-নাম বিষাক্ত রাসায়নিক উপাদানের প্রভাবে মারা গেছেন। উত্তর কোরিয়া ওই ময়নাতদন্তে আপত্তি জানিয়ে লাশ ফেরত চেয়েছিল। তবে মালয়েশিয়া নিহত ব্যক্তির আত্মীয়ের ডিএনএ নমুনা ছাড়া তারা লাশ হস্তান্তর করবে না।