কিম জং উনের সৎভাই ন্যামকে 'বিষ প্রয়োগে হত্যা'

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম গতকাল সোমবার মালয়েশিয়ায় খুন হয়েছেন। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন সূত্র এ খবর দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এক বিমানবন্দরে কিম জং-উনের সৎভাই কিম জং-নাম (৪৫) ‘হামলার’ শিকার হন বলে বিভিন্ন খবরে জানানো হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে মঙ্গলবার বলেন, কিম জং-নাম এ শহরে খুন হয়েছেন। তাঁর লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। একজন জ্যেষ্ঠ মালয়েশীয় পুলিশ কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন, সোমবার বিমানবন্দর থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজন উত্তর কোরীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ ও বার্তা সংস্থা রয়টার্স উভয়েই তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রকে উদ্ধৃত করে কিমের নামের কথিত হত্যাকাণ্ডের খবর দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার একটি কেবল টিভি নেটওয়ার্ক টিভি চোসানের প্রতিবেদন অনুযায়ী, দুই নারী বিমানবন্দরে কিমকে বিষপ্রয়োগ করেন। তারা উত্তর কোরিয়ার গোয়েন্দা বলে মনে করা হচ্ছে। এসব তথ্য অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।