কিম জং নামের মরদেহ উ. কোরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামের মরদেহ পিয়ংইয়ংয়ে পৌঁছেছে। মালয়েশিয়ায় নিহত কিম জং নামের মরদেহ মালয়েশিয়া থেকে আজ শুক্রবার চীনের বেইজিং হয়ে নিজ দেশে পৌঁছায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। লু ক্যাংয়ের বরাত দিয়ে এএফপি জানায়, আন্তর্জাতিক রীতি অনুসারে ও মানবিক দৃষ্টিকোণ থেকে মরদেহ পরিবহনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয় চীন।

কিম জং নামকে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। কিম জং নাম মালয়েশিয়ায় যাওয়ার সময় কিম চল নামে উত্তর কোরিয়ার পাসপোর্ট বহন করছিলেন।

এই হত্যার ঘটনায় মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে দুই দেশ পরস্পরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

মালয়েশিয়ার পুলিশপ্রধানের তথ্য অনুসারে, তদন্ত কর্মকর্তারা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর কোরিয়ার সাতজন নাগরিককে খুঁজতে থাকে, যার মধ্যে চারজন হত্যাকাণ্ডের দিন মালয়েশিয়া ছেড়ে গিয়েছিল। বাকি তিনজন মালয়েশিয়ায় অবস্থিত উত্তর কোরিয়া দূতাবাসে লুকিয়ে ছিল।

তবে এক সমঝোতায় দুই দেশের একে অপরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মালয়েশিয়া থেকে কিম জং নামের মরদেহ উত্তর কোরিয়ায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

এদিকে পিয়ংইয়ং মরদেহের পরিচয় নিশ্চিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তবে মালয়েশিয়া ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিম জং নামের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মালয়েশিয়া জানিয়েছিল, মৃতদেহ পেতে কিমের পরিবারের দাবি করার জন্য তারা অপেক্ষা করছে।

‘স্নায়ুযুদ্ধের সময়ের মতো এই হত্যাকাণ্ড’ ঘটানোর জন্য পিয়ংইয়ংকে দায়ী করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির মতে, নির্বাসিত সৎভাইকে হত্যার জন্য কিম জং উনই নির্দেশ দিয়েছিলেন।