কিম হত্যায় উত্তর কোরিয়ার নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-নাম
কিম জং-নাম

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম হত্যায় জড়িত সন্দেহভাজন আরও একজন ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয় পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তর কোরিয়ার নাগরিক রি জং চলকে আটক করা হয় বলে আজ শনিবার পুলিশের তরফ থেকে জানানো হয়।

এএফপির খবরে জানা যায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় রি জং চলসহ চারজনকে আটক করা হলো। এঁদের মধ্যে তিনিই প্রথম উত্তর কোরিয়ার নাগরিক। আটকের সময় তাঁর কাছে বিদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকারের দেওয়া জরুরি কাগজপত্র পাওয়া যায় বলে পুলিশ জানায়। এর আগে কিম হত্যায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সিতি আইশাহ নামে ইন্দোনেশিয়ার এক নারী, তাঁর মালয়েশীয় ছেলেবন্ধু এবং ভিয়েতনামের পাসপোর্টধারী দোয়ান থি হুয়ং নামের এক নারী।

গত সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-নামকে বিষপ্রয়োগে হত্যার পর থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র দাবি করেছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা বা গুপ্তচরেরাই সোমবার কিম জং-নামকে বিষপ্রয়োগে হত্যা করেছে।

একসময় উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং-উনের সম্ভাব্য উত্তরাধিকারী মনে করা হতো কিম জং-নামকে। তবে তিনি নিজে কমিউনিস্ট দেশটিতে বংশানুক্রমিকভাবে নেতা নির্বাচনের যে চল রয়েছে, প্রকাশ্যেই তার কঠোর সমালোচনা করতেন।