কিরকুকে আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর তুমুল লড়াই

মসুল পুনর্দখলের অভিযানের মধ্যে কিরকুক শহরে আইএস বন্দুকধারীদের হামলার ঘটনায় ইরাক সরকার চাপে পড়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো সেখানে আইএসের যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই করেন। এদিকে মসুলের অদূরে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটির কাছে বিষাক্ত ধোঁয়া নিঃসরণ হওয়ার কারণে সেনারা মুখোশ ব্যবহার করতে বাধ্য হয়।
পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার অনির্ধারিত সফরে ইরাকে পৌঁছেছেন।
কিরকুকের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খাত্তাব ওমর আরেফ এএফপিকে বলেন, ‘ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৪৮ জন আইএস জঙ্গিকে হত্যা করেছে।’ তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএস যোদ্ধাদের ঘিরে ফেললে অনেক জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। হতাহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জায়গায় হামলায় নেতৃত্বদানকারী একজন লিবিয়ার নাগরিক আছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়, আশ্রয়হীন অন্তত ২০০ ইরাকি পরিবারকে মসুলে যেতে বাধ্য করেছে আইএস। সংগঠনটি এসব পরিবারের লোকজনকে মানববর্ম হিসেবে ব্যবহার করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে।
আইএসবিরোধী কুর্দি নিয়ন্ত্রিত কিরকুক শহরে হামলার এক দিন পর জঙ্গিরা স্নাইপার বন্দুক দিয়ে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। তারা আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সেখানে বাড়তি সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।
শুক্রবারে কুর্দি নিরাপত্তা বাহিনী একজন হামলাকারী জঙ্গিকে আটক করে। ওই হামলাকারী দাবি করে যে মসুল থেকে পিছু হটে হামলার মোড় ঘোরাতেই তারা আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদির নির্দেশে কিরকুকে হামলা করেছে।
কুর্দি যোদ্ধারা মসুলের উত্তর-পূর্বে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে। তবে ইরাকি সেনারা বলছে, মসুল পুনর্দখলের অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোটের দেওয়া বিমান সহায়তা পর্যাপ্ত নয়।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি শুক্রবার রাতে বলেন, মসুল হামলার বড় কোনো প্রভাব কিরকুকে পড়েনি। সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।
অগ্রসরমাণ সরকারি সেনাদের ঠেকাতে এবং তাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়াতে জঙ্গিরা আত্মঘাতী ও গাড়ি বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
২০১৪ সালের জুন মাসে বাগদাদির স্বঘোষিত খিলাফতের আওতায় থাকা শহরের মধ্যে মসুলের জনসংখ্যা সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের সহায়তায় ইরাকি বাহিনী মসুল দখলে রাখা আইএসের তিন থেকে সাড়ে চার হাজার যোদ্ধার দলকে ব্যাপক চাপের মুখে ফেলেছে। তবে এই যুদ্ধের ফল এখন পর্যন্ত পরিষ্কার নয়। শহরটির দখল ফিরে পেতে সরকারের দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্স সরকারের একটি সূত্র এএফপিকে বলেছে, শহরে ঢুকতে আরও এক মাস লাগবে। এর মূল কারণ হচ্ছে, মসুলে ১২ লাখ বেসামরিক লোক আটকা পড়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আগে সেখানে ব্যাপকভাবে হামলা করা সম্ভব নয়।