কিরকুকে আইএসের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের মসুল শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানের মধ্যেই রাজধানী বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার উত্তরে তেলসমৃদ্ধ কিরকুক শহর ও এর আশপাশের এলাকায় হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের আত্মঘাতী ভেস্ট পরা ছিল। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, ইরাকি বাহিনীর নেতৃত্বে মসুলের দিকে অগ্রসরমাণ যৌথ বাহিনীর গতি ধীর করে দিতে বা তাদের ভিন্ন দিকে ঘুরিয়ে দিতেই এ হামলা চালানো হয়েছে। কিরকুকের ভেতরে ও আশপাশের এলাকায় জঙ্গিদের এসব হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। শহরটি বর্তমানে কুর্দিদের নিয়ন্ত্রণাধীন। নিজেদের সংবাদমাধ্যম আমাক-এ আইএস এ হামলার দায় স্বীকার করে বলেছে, শহরটির অর্ধেকের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে।

কিরকুকের প্রশাসক নাজমেদ্দিন করিম বলেন, শহরে আইএসের স্লিপার সেল আছে বলে তিনি সন্দেহ করছেন। সেই সঙ্গে জঙ্গিরা স্নাইপারও ব্যবহার করছে। ফলে তাদের আক্রমণ প্রতিহত করতে খুব একটা সফল হতে পারছে না নিরাপত্তা বাহিনী।

এদিকে কিরকুকে হামলার আগে গতকাল স্থানীয় সময় সকালে শহরটি থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে দিবিস শহরে ইরানি কোম্পানি নির্মিত একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আত্মঘাতী হামলা চালায় তিন জঙ্গি। এ ঘটনায় ১২ জন ইরাকি কর্মকর্তা ও প্রকৌশলী এবং চার ইরানি প্রযুক্তিবিদ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দিবিসের মেয়র আবদুল্লাহ সুরেদ্দিন আল-সালেহি। এ হামলারও দায় স্বীকার করেছে আইএস।

ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করতে চাইলে রাশিয়া: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দুর্বল করে দিতে চাইছে রাশিয়া। দেশটি আকাশসীমা লঙ্ঘন করছে এবং ইউরোপ ও ইউরোপের বাইরে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা করছে। সেই সঙ্গে বিভিন্ন দেশে সাইবার হামলাও চালাচ্ছে বলে একমত হয়েছেন নেতারা।