কিরগিজ বিরোধী নেতা গ্রেপ্তার
কিরগিজস্তানের বিরোধী দলের এক প্রবীণ নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। গতকাল রোববারের এই গ্রেপ্তারের ঘটনা তা দৃশ্যত আরও জটিল করে তুলল। জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, ওমরবেক তেকেবায়েভকে গতকাল সকালে বিদেশ থেকে ফেরার পর বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তিনি সমাজতন্ত্রপন্থী আতা-মেকেন পার্টির নেতা এবং প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। একটি টেলিকম প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য ওই বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তান মধ্য এশিয়ার অন্যতম গণতন্ত্র চর্চাকারী দেশ। কিন্তু সেখানে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। এর আগে ২০০৫ এবং ২০১০ সালে বিক্ষোভের কারণে দুটি সরকারের পতন হয়।