কিরগিজস্তানে চীনা দূতাবাসের ফটকে আত্মঘাতী হামলা, আহত ৩
কিরগিজস্তানে চীনা দূতাবাসের ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। এতে হামলাকারী নিহত ও এক নারীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির উপপ্রধানমন্ত্রী জেনিস রাজাকোভ সাংবাদিকদের বলেন, আত্মঘাতী এ বিস্ফোরণে শুধু হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন নিরাপত্তারক্ষী।
বিশকেক পুলিশের একটি সূত্র এএফপিকে জানায়, মিতসুবিশি ডেলিকা ব্র্যান্ডের এই গাড়ি দূতাবাস কম্পাউন্ডে ঢোকার আগেই ফটকে বিস্ফোরিত হয়। দূতাবাসের পাশেই রাষ্ট্রদূতের বাসভবন।
মধ্য এশীয় দেশটির নিরাপত্তা সার্ভিসের একটি সূত্র জানা, গাড়ির ভেতর একটি ‘বিস্ফোরক ডিভাইস’ বসানো ছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দা এএফপিকে বলেন, বিস্ফোরণে তাঁদের বাড়ির জানালা উড়ে গেছে। এমনকি ঘরবাড়িও কেঁপে ওঠে।
কিরগিজের জরুরি সার্ভিস জানায়, ঘটনার পর চীনা ও পার্শ্ববর্তী মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।