কিরগিজস্তানে সরকারের পদত্যাগ

কিরগিজস্তানের সরকার আজ বুধবার পদত্যাগ করেছে। ক্ষমতাসীন জোট থেকে প্রেসিডেন্টের নেতৃত্বাধীন দল সরে দাঁড়ানোর পর সরকার এ সিদ্ধান্ত নেয়। এতে মধ্য এশিয়ার দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এসব তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়।
সাংবিধানিক সংস্কারের বিষয়ে জোটভুক্ত অন্য সদস্যরা সমর্থন না দেওয়ায় প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গত সোমবার চারদলীয় জোট সরকার থেকে নিজেদের সরিয়ে নেয়।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, কিরগিজ প্রেসিডেন্ট আতামবায়েভ সরকার থেকে পদত্যাগের একটি ডিক্রিতে সই করেছেন। খুব শিগগির তা কার্যকর হবে।
আতামবায়েভ আশা করেছিলেন, এই সপ্তাহের শেষের দিকে নতুন জোট সরকার গঠনের ডাক দেবেন এবং পরে নতুন মন্ত্রিসভা অনুমোদন করবেন।
গত বছর পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে এই জোট সরকার গঠিত হয়।
দীর্ঘ কয়েক বছরের সহিংস বিপ্লবের পর গত এপ্রিলে দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রীর নেতৃত্ব নতুন সরকারকে পার্লামেন্ট অনুমোদন দেয়।
২০১০ সালে দেশটিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন দেশটিতে রক্তক্ষয়ী আন্দোলন ও জাতিগত সহিংসতায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়।