কুনদুজে তীব্র লড়াই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কুনদুজ প্রদেশের রাজধানী কুনদুজের নিয়ন্ত্রণ নিতে গতকাল শুক্রবারও সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে জোর লড়াই চলে। তবে বৃহস্পতিবারের মতো গতকালও সরকারি বাহিনী ওই শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে দাবি করেছে।
এদিকে দেশটির জালালাবাদ শহরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। তালেবান দাবি করেছে, তাদের গুলিতে ওই বিমান বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
তালেবান বাহিনী গত সোমবার কুনদুজ শহরের কেন্দ্রস্থল দখল করে নিয়ে সেখানে তাদের পতাকা ওড়ায়। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর কুনদুজই প্রথম শহর, যেখানে তালেবান বাহিনী আবার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
আফগান বাহিনী গতকালও কুনদুজের বেশির ভাগ এলাকা দখলে নেওয়ার দাবি করে। তবে গতকালও শহরটিতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। কুনদুজের বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির খবরও পাওয়া গেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক সিদ্দিকী গতকাল দাবি করেন, সরকারি বাহিনী এখন পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। কারণ তালেবান সদস্যরা শহরের সাধারণ মানুষের বাড়িঘরে ঢুকে সেখান থেকেও সরকারি বাহিনীকে লক্ষ্য করে গুলি করছে।
তবে শহর নিয়ন্ত্রণে নেওয়ার সরকারি বাহিনীর দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান কর্তৃপক্ষ।
এদিকে ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে একটি শহর তালেবানদের হাতে পতনের ঘটনা আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির জন্য বেশ বিব্রতকর। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার সংবাদে খুশি আফগান প্রেসিডেন্ট সরকারি বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি বাহিনী আফগানিস্তানের জনগণ, এ অঞ্চল তথা সারা বিশ্বের মানুষকে এ বার্তা দিতে পেরেছে যে যেকোনো যুদ্ধ জয় করার মতো সামর্থ্য তাদের আছে।
এদিকে কুনদুজের এই লড়াইয়ের মধ্যে গত বৃহস্পতিবার রাতে জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন সামরিক বিমান।
মার্কিন সেনাবাহিনীর কর্নেল ব্রায়ান ট্রাইবাস বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন মার্কিন সেনাসদস্য। বাকিরা বেসামরিক ঠিকাদার।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে এক বার্তায় দাবি করেন, তালেবান সদস্যদের গুলিতেই মার্কিন সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে।
তালেবানের এই দাবির বিষয়ে কিছু বলেনি মার্কিন বাহিনী।