কুনদুজে প্রচণ্ড লড়াই চলছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুনদুজ প্রদেশে প্রচণ্ড লড়াই চলছে। প্রদেশের প্রধান শহর কুনদুজে তালেবান জঙ্গিদের দখল করার ঘোষণা দেওয়ার এক দিন পরই সরকারি সেনারা হামলা শুরু করে।
আজ বুধবার বিবিসির খবরে জানানো হয়, গতকাল মঙ্গলবার তালেবান জঙ্গিরা সেনাবাহিনীর সুরক্ষিত ঘাঁটি বিমানবন্দর দখলের চেষ্টা চালালে যুক্তরাষ্ট্র দুটি বিমান হামলা চালায়। ওই বিমান হামলায় তালেবানের প্রাদেশিক নেতা ও তাঁর ডেপুটিসহ নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।
অনির্দিষ্ট সংখ্যক ন্যাটোর বিশেষ বাহিনী কুনদুজ নগরীতে পৌঁছেছে।
তালেবানের কুনদুজ দখলকে ২০০১ সালের পরবর্তী সময়ে ‘সবচেয়ে বড় সাফল্য’ হিসেবে মনে করা হচ্ছে।
২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তান থেকে পশ্চিমা দেশগুলোর অধিকাংশ সেনাদের প্রত্যাহারের পর দেশটিতে জঙ্গি সহিংসতা ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার কুনদুজ বেদখল হয়ে যাওয়ার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র এটিকে অবস্থার অবনতি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আফগান সেনারা নগরীটি পুনরুদ্ধার করতে পারবে বলেও আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
গত রাতভর কুনদুজের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। তবে নগরীটির কত অংশ সরকারের নিয়ন্ত্রণে আর কত অংশ তালেবানের সেটি নিশ্চিত হওয়া যায়নি।
কুনদুজ পুলিশ প্রধানের এক মুখোপাত্র সাঈদ সারোয়ার হোসাসাইনি বলেন, ‘কয়েক শ তালেবান নিহত হয়েছে। রাস্তার ওপর তাঁদের লাশ পড়ে রয়েছে।’
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, শহর পুলিশের প্রধান কার্যালয়গুলো এবং কারাগার পুনরুদ্ধার করা হয়েছে। গত সোমবার নগরীটি তালেবান যোদ্ধারা দখলের পর কয়েক শ বন্দীকে তারা ছাড়িয়ে নিয়ে গেছে।
কিন্তু তালেবানের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তালেবান জঙ্গিরা শহরগুলোর ট্যাংক, সামরিক যান, পুলিশের গাড়ি ও রেড ক্রিসেন্টের ভ্যান দখল করে রেখেছে।